জেটিভি নিউজ বাংলা
তারিখ: ০৫ জুলাই ২০২৬ ইং, সময়: ১১:৩৫ মিনিট।সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
রাজধানীর শাহবাগ থানায় সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ছয়জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জুলাই আন্দোলনকে কটাক্ষ ও হুমকি দেওয়ার অভিযোগে শনিবার (৪ জুলাই) রাতে ‘রাষ্ট্র সংলাপ’ নামের একটি সংগঠনের সদস্য মিল্লাত হোসেন এই অভিযোগ দাখিল করেন। অভিযোগে নাম থাকা অন্য ব্যক্তিরা হলেন— আইনজীবী ও মডেল জান্নাতুল পিয়া, সাবেক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ও কলামিস্ট মোমিন মেহেদী, মডেল মারিয়া কিসপট্টা এবং মডেল ও অভিনেত্রী তুষ্টি। অভিযোগে বলা হয়েছে, তারা বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন টকশোতে জুলাই আন্দোলন, আন্দোলনের অংশগ্রহণকারী, শহীদ ও আহতদের নিয়ে আপত্তিকর, বিভ্রান্তিকর ও কটূক্তিমূলক বক্তব্য দিয়েছেন। এছাড়া আন্দোলনের ভাবমূর্তি ক্ষুণ্ন করা, অপপ্রচার চালানো এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও তাদের বিরুদ্ধে আনা হয়েছে। শাহবাগ থানার কর্তব্যরত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, অভিযোগটি এখনো মামলা হিসেবে রেকর্ড করা হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তারা তদন্ত করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, গত ৩ জুলাই বিকেল ৪টার দিকে শাহবাগের হাদী চত্বরে অবস্থানকালে সামাজিক যোগাযোগমাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিভিন্ন বক্তব্য ও ভিডিও তাদের নজরে আসে। পরে সংগঠনের সদস্যদের সঙ্গে আলোচনা করে শাহবাগ থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়। অভিযোগকারী মিল্লাত হোসেন ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন।জেটিভি নিউজ বাংলা
দেশ ও দশের কথা বলে....

ডেস্ক রিপোর্ট 




















