জেটিভি নিউজ বাংলা
তারিখ: ১২ জুন ২০২৬ ইং,সময়: বিকাল ০৫:৪৪ মিনিট। ছবি সংগৃহীতঅর্থপাচারকারীদের ছাড় দেওয়া হবে না, বিদেশে থাকা সম্পদ উদ্ধারে অভিযান অব্যাহত: বাংলাদেশ ব্যাংকের গভর্নর
অর্থপাচারকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। তিনি বলেছেন, যারা দেশের অর্থ চুরি করে বিদেশে পাচার করেছে, তাদের কোনোভাবেই শান্তিতে থাকতে দেওয়া হবে না। শুক্রবার (১২ জুন) বিকেলে অনুষ্ঠিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা উপস্থিত ছিলেন। বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ উদ্ধারে কেন্দ্রীয় ব্যাংকের চলমান কার্যক্রম সম্পর্কে গভর্নর জানান, বাংলাদেশ ব্যাংকের ‘স্টোলেন অ্যাসেট রিকভারি টাস্কফোর্স’ এ বিষয়ে কাজ করছে এবং নিয়মিতভাবে অগ্রগতি পর্যালোচনা করা হচ্ছে। তিনি বলেন, বিশ্বব্যাপী পাচার হওয়া সম্পদ উদ্ধারের সাফল্যের হার দুই শতাংশেরও কম। এ ধরনের প্রক্রিয়ায় সাত থেকে ১০ বছর পর্যন্ত সময় লাগতে পারে। তবে এত দীর্ঘ সময় লাগলেও বাংলাদেশ এ প্রচেষ্টা থেকে সরে আসবে না। গভর্নর আরও জানান, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও বহুপাক্ষিক প্রতিষ্ঠানের সহায়তায় বিদেশে থাকা কিছু সম্পদ ইতোমধ্যে ফ্রিজ করা হয়েছে। অর্থ পাচারকারীদের শনাক্তকরণ এবং পাচার হওয়া সম্পদ উদ্ধারে যৌথ তদন্ত দল নিয়মিতভাবে কাজ করছে। মো. মোস্তাকুর রহমান বলেন, “যারা দেশের টাকা চুরি করে বিদেশে নিয়ে গেছে, তাদের আমরা শান্তিতে থাকতে দেবো না। তারা যে দেশেই যাক, যেখানেই থাকুক, আমরা তাদের অনুসরণ করে যাব।” তিনি আরও বলেন, ইতোমধ্যে কিছু অর্থ উদ্ধারের ক্ষেত্রেও প্রাথমিক সাফল্য অর্জিত হয়েছে। তবে বিষয়টি নিয়ে সময়মতো বিস্তারিত তথ্য জানানো হবে।জেটিভি নিউজ বাংলা
দেশ ও দশের কথা বলে......

ডেস্ক রিপোর্ট 






















