📺 jtvnewsbangla
🗓️ ২৬ এপ্রিল ২০২৬ ইং | 🕗 রাত :০৮:১০ মিনিটমহামারির পর বদলে গেছে তরুণ প্রজন্মের চেহারা।
একসময় ‘জেন-জি’ নামে পরিচিত একটি ঐক্যবদ্ধ প্রজন্ম এখন বিভক্ত—এমনটাই বলছে সাম্প্রতিক গবেষণা। গবেষক র্যাচেল জ্যানফাজার বিশ্লেষণে উঠে এসেছে, এই প্রজন্ম এখন কার্যত দুই ভাগে বিভক্ত—‘জেন-জি ১.০’ এবং ‘জেন-জি ২.০’। ‘জেন-জি ১.০’ হলো সেই তরুণরা, যারা কোভিড-১৯ মহামারির আগে তাদের স্কুলজীবন শেষ করেছে। তাদের বেড়ে ওঠা হয়েছে অপেক্ষাকৃত ভিন্ন সামাজিক ও প্রযুক্তিগত পরিবেশে। অন্যদিকে ‘জেন-জি ২.০’ গড়ে উঠেছে মহামারির মধ্য দিয়ে—মাস্ক, লকডাউন, অনলাইন ক্লাস আর সামাজিক দূরত্বই তাদের বাস্তবতা। বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক ইতিহাসে এমন অভিজ্ঞতা আর কোনও প্রজন্মের হয়নি। এর ফলে চিন্তাভাবনা, সামাজিক আচরণ এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। ২০২৬ সালের এক জরিপে দেখা গেছে, ১৮ থেকে ২২ বছর বয়সী তরুণদের মধ্যে রাজনৈতিক মতাদর্শে স্পষ্ট পরিবর্তন ঘটছে। আগে যেখানে উদারপন্থার প্রতি ঝোঁক বেশি ছিল, এখন বিশেষ করে তরুণ পুরুষদের মধ্যে ডানপন্থার দিকে আগ্রহ বাড়ছে। বিশ্লেষকদের মতে, এটি শুধু মতাদর্শের পরিবর্তন নয়, বরং বিদ্যমান ব্যবস্থার প্রতি এক ধরনের ক্ষোভ ও প্রতিক্রিয়া। একই সঙ্গে তরুণদের আস্থার জায়গাতেও ফাটল ধরেছে। সাংবাদিক, কর্পোরেট নেতৃত্ব কিংবা নীতিনির্ধারকদের প্রতি তাদের বিশ্বাস কমছে। মহামারির সময় নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত অনেক তরুণের মধ্যে অনাস্থা তৈরি করেছে। তবে সাংস্কৃতিক বিতর্কের চেয়ে বাস্তব সমস্যাই এখন তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। উচ্চশিক্ষার ব্যয়, জীবনযাত্রার খরচ বৃদ্ধি—এসব বিষয়েই বেশি মনোযোগ দিচ্ছে নতুন প্রজন্ম। বিশেষজ্ঞদের মতে, জেন-জি এখন আর একক সত্তা নয়, বরং একটি বিভক্ত প্রজন্ম। প্রযুক্তি ব্যবহার থেকে শুরু করে সামাজিক সম্পর্ক, এমনকি রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতেও তৈরি হয়েছে বড় ফারাক। এই বিভাজন ভবিষ্যতের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।জেটিভি নিউজ বাংলা
সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ
ছবি, এ্যাক্সিওস 🔻 #GenZ #GenerationZ #YouthPolitics #PostPandemic #JTVNewsBangla

Reporter Name 





















