বাণিজ্যচুক্তি দ্রুত বাস্তবায়ন চায় যুক্তরাষ্ট্র, অবৈধ বাংলাদেশি ফেরত নিতে সম্মতি ঢাকার
জেটিভি নিউজ বাংলা
৬ মার্চ ২০২৬ | ঢাকা সময়: ৮:৩৫ মিনিট। দুই দিনের সফরে ঢাকায় এসে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী সেক্রেটারি পল কাপুর সরকারের বিভিন্ন মন্ত্রী, রাজনৈতিক দল ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যচুক্তি বাস্তবায়ন, অবৈধ অভিবাসন এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যু গুরুত্ব পেয়েছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে করা বাণিজ্যচুক্তি দ্রুত এবং যথাযথভাবে বাস্তবায়ন করা হোক। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে থাকা অবৈধ বাংলাদেশি নাগরিকদের আদালতে মামলা নিষ্পত্তির পর দ্রুত দেশে ফিরিয়ে নেওয়ার বিষয়েও জোর দিয়েছে ওয়াশিংটন। এ বিষয়ে বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছে। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের দুই দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্যচুক্তি করে অন্তর্বর্তী সরকার। চুক্তি অনুযায়ী বাংলাদেশের পণ্যের ওপর ১৯ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বাণিজ্য ঘাটতি কমাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে বেসামরিক উড়োজাহাজ, যন্ত্রাংশ ও সেবা কেনা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। এ পরিকল্পনার আওতায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৪টি বোয়িং উড়োজাহাজ কেনার আগ্রহ প্রকাশ করেছে। চুক্তিতে যুক্তরাষ্ট্র থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি বাড়ানোর বিষয়ও উল্লেখ রয়েছে। আগামী ১৫ বছরে জ্বালানি আমদানির সম্ভাব্য মূল্য ধরা হয়েছে প্রায় ১৫ বিলিয়ন ডলার। একই সঙ্গে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র থেকে গম, সয়াবিন, সয়াজাত পণ্য ও তুলা আমদানি বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে, যার সম্ভাব্য মূল্য প্রায় ৩ দশমিক ৫ বিলিয়ন ডলার। এদিকে যুক্তরাষ্ট্র অবৈধভাবে বসবাস করা বাংলাদেশিদের ফেরত নেওয়ার বিষয়েও গুরুত্ব দিয়েছে। যুক্তরাষ্ট্র প্রায় ৫ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাতে চায়। ইতোমধ্যে ৩২৭ জন বাংলাদেশিকে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরত পাঠানো হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জানিয়েছেন, চুক্তিতে ‘এন্ট্রি ক্লজ’ ও ‘এক্সিট ক্লজ’ রয়েছে। অর্থাৎ সরকারি নোটিফিকেশন ছাড়া এটি কার্যকর হবে না এবং প্রয়োজনে ৬০ দিনের নোটিশ দিয়ে চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার সুযোগও রয়েছে।জেটিভি নিউজ বাংলা
সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

Reporter Name 





















