ভোট দিতে বাড়ির পথে ছুটছে মানুষ, অতিরিক্ত ভাড়া ও যানজটে ভোগান্তি
জেটিভি নিউজ বাংলা,গাজীপুর
সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬ | সময়: সকাল ১১টা ৫ মিনিট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে টানা ছুটি পাওয়ায় বিপুলসংখ্যক মানুষ ভোট দিতে বাড়ির পথে ছুটছেন। গাজীপুরের প্রায় সব পোশাক কারখানায় ছুটি ঘোষণার ফলে একসঙ্গে হাজারো শ্রমজীবী মানুষ মহাসড়কে নামায় ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানবাহনের চাপ সৃষ্টি হয়েছে। এর সুযোগে বাস মালিক ও শ্রমিকদের বিরুদ্ধে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে, যা নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও আশপাশের এলাকায় যানবাহনের চাপ সবচেয়ে বেশি দেখা গেছে। গত রাত থেকে চন্দ্রা-সফিপুর ও বাড়ইপাড়া এলাকায় প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা স্বাভাবিক হলেও ভোট দিতে বাড়ি ফেরা মানুষের চাপ অব্যাহত থাকায় ফের যানজট দেখা দেয়। একই চিত্র ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ডবাজার, ভোগরা বাইপাস, চৌরাস্তা ও রাজেন্দ্রপুর এলাকায়।
ভুক্তভোগী যাত্রীরা জানান, সন্ধ্যার পর দীর্ঘ সময় অপেক্ষা করেও তারা কাঙ্ক্ষিত যানবাহন পাচ্ছিলেন না। সকালে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও সুযোগ বুঝে পরিবহন সংশ্লিষ্টরা অতিরিক্ত ভাড়া দাবি করছেন। এতে অনেক যাত্রী বিপাকে পড়েছেন।
বগুড়াগামী যাত্রী তাহমিদ হোসেন বলেন, “ভোট দিতে বাড়ি যাওয়ার জন্য রওনা হয়েছি। সাধারণত চন্দ্রা থেকে ভাড়া ৪০০ থেকে ৫০০ টাকা হলেও এখন এক হাজার টাকার নিচে কেউ নিচ্ছে না। এভাবে চললে অনেকেই ভোট দিতে যেতে পারবে না। আমার নিজেরও এখন বাড়ি যেতে ইচ্ছে করছে না।”
আরেক যাত্রী মনোয়ারা খাতুন বলেন, “একদিকে যানজট, অন্যদিকে বাসভাড়া ৫০০ টাকা বেশি নিচ্ছে। বাসচালক ও হেল্পাররা আমাদের হয়রানি করছে, কিন্তু পুলিশ বা সরকার কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না।”
মহাসড়কে দায়িত্বরত ট্রাফিক পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, গাজীপুরের চন্দ্রা দিয়ে উত্তরবঙ্গমুখী শিল্পকারখানার শ্রমিকদের যাত্রার কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে। তবে যান চলাচল স্বাভাবিক রাখতে এবং শ্রমিকদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ট্রাফিক পুলিশ তৎপর রয়েছে।
নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সওগাতুল আলম জানান, ভোটকে কেন্দ্র করে শিল্পকারখানায় টানা কয়েকদিন ছুটি দেওয়ায় গতকাল থেকেই মানুষ বাড়ির পথে যাত্রা শুরু করেছে। এ কারণে মহাসড়কে মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে। অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলেও তিনি জানান।
জেটিভি নিউজ বাংলা
সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....