ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন সম্পন্ন করতে হবে: নূরুল ইসলাম বুলবুল
স্টাফ রিপোর্টার | জেটিভি নিউজ বাংলা প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২৫ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে হবে। তিনি মন্তব্য করেন—“জাতি কোনো তামাশা মেনে নেবে না। নির্বাচনের রোডম্যাপ পরিবর্তনের সুযোগ নেই।” রোববার বিকেলে মহানগর দক্ষিণ কার্যালয়ের কনফারেন্স রুমে ঢাকা-৮ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির এক জরুরি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি (ঢাকা-৮ কমিটির পরিচালক) মুহাম্মদ শামছুর রহমান সভাপতিত্ব করেন। পরিচালনা করেন মহানগরীর কর্মপরিষদ সদস্য ও আসন কমিটির সদস্য সচিব শাহীন আহমেদ খান। উপস্থিত ছিলেন নায়েবে আমির আব্দুস সবুর ফকির, ঢাকা-৮ আসনে মনোনীত প্রার্থী ড. হেলাল উদ্দিনসহ সংশ্লিষ্ট থানা ও ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দ। নূরুল ইসলাম বুলবুল বলেন, “ডিসেম্বরের ১০ বা ১১ তারিখ নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে। কিন্তু একটি মহল নির্বাচন ভণ্ডুলে চক্রান্ত করছে। জনগণ এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ আছে।” তিনি প্রশাসনে দলীয়করণ বন্ধ, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণসহ ৫ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান। অপপ্রচারের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, বৈষম্যহীন একটি কল্যাণ রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ত্যাগ অব্যাহত রাখতে হবে। দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।” সভাপতির বক্তব্যে মুহাম্মদ শামছুর রহমান বলেন, “ঢাকা-৮ আসনে জামায়াতে ইসলামী ব্যাপক জনসমর্থন পাচ্ছে। জনগণের ভালোবাসা দেখে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। কোনো বিভ্রান্তিতে পা না দিয়ে দায়িত্বশীল ভূমিকা অব্যাহত রাখতে হবে।”

Reporter Name 






















