জেটিভি নিউজ বাংলা, আন্তর্জাতিক
মোদি–পুতিন বৈঠক শুরু: বাণিজ্য ও জ্বালানি সহযোগিতায় জোর
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বহুল আলোচিত শীর্ষ বৈঠক শুরু হয়েছে। চার বছর পর প্রথমবারের মতো ভারত সফরে এসে শুক্রবার নয়াদিল্লিতে লাল গালিচা সংবর্ধনা পান পুতিন। দুই দেশের সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে বাণিজ্য, জ্বালানি ও প্রতিরক্ষাকে এ বৈঠকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বৈঠকের শুরুতে শান্তির প্রতি ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী মোদি। তিনি বলেন, “ভারত নিরপেক্ষ নয়; আমরা শান্তির পক্ষে। শান্তি প্রতিষ্ঠার প্রতিটি উদ্যোগকে আমরা সমর্থন করি।” এর জবাবে ইউক্রেন যুদ্ধসহ আন্তর্জাতিক পরিস্থিতিতে মোদির ভূমিকার প্রশংসা করেন পুতিন। গত দশকে ভারতের প্রধান অস্ত্র সরবরাহকারী রাশিয়া। এ বছর দুই দেশ ২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে। বর্তমানে বাণিজ্য কাঠামো রুশ জ্বালানিনির্ভর হলেও রাশিয়া ভারতীয় পণ্য আমদানি বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে। ইউক্রেন যুদ্ধের পর ইউরোপে বাজার সংকুচিত হওয়ায় ভারত কম দামে রুশ তেল আমদানি বাড়ায়। তবে মার্কিন নিষেধাজ্ঞা ও শুল্ক চাপে চলতি বছরে সেই আমদানি কিছুটা কমেছে। যুক্তরাষ্ট্রের এই চাপের সমালোচনা করে পুতিন বলেন, “যে জ্বালানি কিনতে ভারতকে বাধা দেওয়া হচ্ছে, যুক্তরাষ্ট্র নিজেই তা রাশিয়া থেকে কিনছে। তাহলে ভারত কেন পারবে না?” তিনি জানান, প্রয়োজনে এ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনায় যেতে মস্কো প্রস্তুত। পুতিনের সফরসঙ্গী বড় ব্যবসায়িক ও সরকারি প্রতিনিধি দলও বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিচ্ছে। রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলউসোভ ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করে ভারতের প্রতিরক্ষা খাতে আত্মনির্ভরতা অর্জনে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এ সফরে শ্রম, বেসামরিক পারমাণবিক শক্তি, উচ্চ প্রযুক্তি, মহাকাশ ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হবে। — জেটিভি নিউজ বাংলা

Reporter Name 























