দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ শক্তিশালী হচ্ছে, সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি
জেটিভি নিউজ বাংলা ডেস্ক:
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট ঘূর্ণিঝড়
‘ডিটওয়াহ’ আরও শক্তি সঞ্চয় করে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায়
৬২ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে
৮৮ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। ঘূর্ণিঝড়কেন্দ্রের নিকটবর্তী সাগর উত্তাল রয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে আবহাওয়া অধিদফতর জারি করা বিশেষ বিজ্ঞপ্তি–৬ এ এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আবহাওয়াবিদ
ড. মো. ওমর ফারুক জানান, শ্রীলঙ্কা উপকূল ও তৎসংলগ্ন দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্টি ঘূর্ণিঝড়টি বর্তমানে একই এলাকায় অবস্থান করছে এবং ক্রমেই শক্তিশালী হচ্ছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ (২৮ নভেম্বর) দুপুর ১২টায় ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ অবস্থান করছিল—
- চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৯৪০ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে,
- কক্সবাজার বন্দর থেকে ১ হাজার ৮৮৫ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে,
- মোংলা ও পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৮২০ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে।
ঘূর্ণিঝড়টি আরও উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এ অবস্থায়
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে
২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে যাওয়া থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
— জেটিভি নিউজ বাংলা ডেস্ক