জেটিভি নিউজ বাংলা
নিজস্ব প্রতিবেদক, আব্দুল আল মামুন
এ্যানির অভিযোগ: ‘হোন্ডা র্যালির রাজনীতি নয়, বিএনপির রাজনীতি মানুষের’
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আওয়ামী লীগ অতীতে হেলমেট বাহিনী ও হোন্ডার বহর নিয়ে ত্রাস সৃষ্টি করেছিল। এখন আবার একটি বিশেষ ইসলামিক দল হোন্ডা র্যালি করে ভয় দেখানোর রাজনীতি শুরু করেছে। তবে বিএনপির রাজনীতিতে হোন্ডা-গুন্ডা নেই, আছে শুধুই জনগণের আওয়াজ।
শনিবার (২২ নভেম্বর) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড মহিলা দলের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব অভিযোগ তোলেন।
এ্যানি বলেন,
“১৭ বছর মানুষ হোন্ডার আওয়াজ পছন্দ করেনি। সেই কারণেই আওয়ামী লীগ পালিয়ে গেছে। এখন যদি বিশেষ একটি ইসলামিক দল একই পথে হাঁটে, তারাও একই পরিণতি ভোগ করবে।”
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের পর এবার একটি ইসলামিক দল ধর্মের অপব্যাখ্যা দিয়ে ভোট চাইছে। তারা দাবি করছে, দল করলে নাকি বেহেশতে যাওয়া যাবে। এ বিষয়ে তিনি বলেন,
“আল্লাহর কোনো রাজনৈতিক দল নেই। বেহেশতে যেতে হলে ঈমান-আকিদা ঠিক রাখা, পাঁচ ওয়াক্ত নামাজ, জাকাত, হজ, সৎকর্ম ও ন্যায় প্রতিষ্ঠা জরুরি।”
বিএনপি নেতা আরও বলেন,
“এই দলটি কখনো আওয়ামী লীগের সঙ্গে, কখনো বিএনপির সঙ্গে ছিল। সুযোগ পেলেই পক্ষ বদলায়। তাদের প্রচার অপপ্রচার, ব্যাখ্যা অপব্যাখ্যা।”
তিনি মা-বোনদের উদ্দেশে বলেন,
“বাড়িতে গিয়ে কিছু মহিলা টিম তালিম দেয়, দাঁড়িপাল্লায় ভোট চাইতে ওয়াদা করায়। আমরা ধানের শীষ নিয়ে আছি, থাকব। ধানের শীষের কোনো বিকল্প নেই।”
উঠান বৈঠকে আরো উপস্থিত ছিলেন—
চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক এম বেল্লাল হোসেন, সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার, সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ভূঁইয়া এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
পরে একই ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডেও মহিলা দলের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।