📰 জেটিভি নিউজ বাংলা
বিশ্ববাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ববাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম। ডিসেম্বরের ফেডারেল সুদহার কমানোর সম্ভাবনার জোরালো আভাসে নিরাপদ বিনিয়োগে ঝুঁকে পড়ছেন বিনিয়োগকারীরা। এতে বুধবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ১ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার (১৯ নভেম্বর) জিএমটি সময় দুপুর ১২টা ৩২ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১১৫ দশমিক ৮১ ডলার হয়েছে। একই সময়ে ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণ ফিউচার ০ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৪ হাজার ১১৬ দশমিক ৫০ ডলারে। এর আগে গত ২০ অক্টোবর স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ ৪ হাজার ৩৮১ দশমিক ২১ ডলারে পৌঁছায়। এতে চলতি বছর মোট স্বর্ণের মূল্যবৃদ্ধি দাঁড়ায় ৫৩ শতাংশেরও বেশি। তবে ডলারের শক্তিশালী অবস্থান এবং যুক্তরাষ্ট্র–চীন বাণিজ্য উত্তেজনা শিথিল হওয়ার প্রভাব পড়ে স্বর্ণের দামে, যা পরবর্তী সময়ে কিছুটা কমে আসে। বিশ্লেষকরা বলছেন, ফেডারেল রিজার্ভের সর্বশেষ বৈঠকের কার্যবিবরণী এবং বৃহস্পতিবার প্রকাশিতব্য মার্কিন চাকরি প্রতিবেদনের দিকে তাকিয়ে আছেন বিনিয়োগকারীরা। সুদের হার কমলে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের চাহিদা আরও বাড়বে। রয়টার্সের জরিপ অনুযায়ী, সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রে প্রায় ৫০ হাজার নতুন চাকরি সৃষ্টি হতে পারে বলে ধারণা করছেন অর্থনীতিবিদরা। চাকরির সংখ্যা প্রত্যাশার চেয়ে কম হলে স্বর্ণের বাজার আবারও নতুন রেকর্ড ছুঁতে পারে। এফএক্সটিএম–এর সিনিয়র রিসার্চ অ্যানালিস্ট লুকমান ওটুনুগা বলেন, “স্বর্ণের দাম মনস্তাত্ত্বিক সীমা ৪ হাজার ডলারের কাছ থেকে ঘুরে দাঁড়ানোর পর বাজারে সতর্কতা থাকলেও আজ স্বর্ণ কিছুটা ঝলমল করছে।” তিনি আরও বলেন, “নতুন অর্থনৈতিক তথ্য সুদহার কমানোর পক্ষে গেলে মূল্য ৪ হাজার ১৩০ থেকে ৪ হাজার ২০০ ডলার পর্যন্ত উঠতে পারে। তবে শক্তিশালী অর্থনৈতিক তথ্য বা ফেড কর্মকর্তাদের কড়া মন্তব্য এলে দাম আবার ৪ হাজার ডলারের নিচে নামতে পারে।” অন্যদিকে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেড চলতি মাসে দ্বিতীয়বারের মতো সুদহার কমালেও আরও সুদহ্রাস আসবে কি না—তা এখনই নিশ্চিত নয় বলে জানিয়েছেন ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েল। নভেম্বরের শুরুতে প্রকাশিত তথ্য অনুযায়ী, অক্টোবরে যুক্তরাষ্ট্রে চাকরির সংখ্যা কমেছে। সরকারি ও খুচরা খাতসহ বিভিন্ন সেক্টরে খরচ কমানো ও এআই প্রযুক্তির প্রসারের কারণে ছাঁটাই বেড়েছে। দীর্ঘ সরকারি শাটডাউনের কারণে ভোক্তা আস্থাও তিন-দেড় বছরের মধ্যে সর্বনিম্নে নেমে আসে। এদিকে স্বর্ণের সঙ্গে বেড়েছে রুপার দামও। বুধবার স্পট সিলভারের দাম ৩ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৫২ দশমিক ২৪ ডলার প্রতি আউন্স।বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) মঙ্গলবার (১৮ নভেম্বর) প্রতি ভরিতে ১,৩৬৪ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে, যা আজ থেকে কার্যকর হয়েছে। বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের ভালো মানের স্বর্ণ বিক্রি হচ্ছে প্রতি ভরি ২ লাখ ৬ হাজার ৯০৭ টাকায়।সূত্র: রয়টার্স

Reporter Name 























