জেটিভি নিউজ বাংলা
স্টাফ রিপোর্টার,আল জুনায়েদ নূর জাকির নায়েকের বাংলাদেশ সফর নিয়ে সিদ্ধান্ত পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে: ধর্মবিষয়ক উপদেষ্টা ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, জাকির নায়েক বাংলাদেশে আসবেন কি না, সে সিদ্ধান্ত সম্পূর্ণভাবে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর নির্ভরশীল। এ বিষয়ে তাঁর ব্যক্তিগত মতামত বা পছন্দ-অপছন্দ কোনো প্রভাব ফেলবে না। রোববার (২ নভেম্বর) সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। উপদেষ্টা বলেন, “কোনো মেহমান দেশে আসবেন, সেটা দেখভাল করবেন পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমার পছন্দ-অপছন্দ বড় কথা নয়। ওনারা যদি পারমিট করেন তবে তিনি (জাকির নায়েক) আসবেন।” জাকির নায়েকের বাংলাদেশে আগমনের বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, “ড. জাকির নায়েককে যারা আনতে চাচ্ছেন, তাদের একটি প্রতিনিধি দল আমার সঙ্গে দেখা করেছেন। আমি ওনাদের বলেছি, এটা আমার এখতিয়ারের বিষয় নয়। এটি পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়।” তিনি জানান, ইতোমধ্যে পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন এ বিষয়ে তিনি অবহিত নন। কোনো বিদেশি অতিথি দেশে এলে, তা পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ই দেখভাল করে থাকে। “ধর্ম উপদেষ্টা হিসেবে এ বিষয়ে আমার কোনো সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার নেই,” যোগ করেন তিনি। জাকির নায়েকের আগমনে তাঁর সম্মতি আছে কি না—এমন প্রশ্নে আ ফ ম খালিদ হোসেন পুনরায় বলেন, “আমার সম্মতি কিংবা অসম্মতি এখানে বিষয় নয়। সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।”

Reporter Name 




















