জেটিভি নিউজ বাংলা
তারিখ: ১১ মে ২০২৬ ইং সময়: ০৭:৩৪ মিনিট।১০০ টাকার বেশি ময়লার বিল নিলে লাইসেন্স বাতিল
নির্ধারিত ১০০ টাকার বেশি বিল আদায় ও নিয়মিত ময়লা সংগ্রহ না করলে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহের ক্ষেত্রে নির্ধারিত ১০০ টাকার বেশি বিল আদায় এবং প্রতিদিনের ময়লা প্রতিদিন সংগ্রহ না করলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান (পিসিএসপি)-এর লাইসেন্স বাতিল করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। সোমবার (১১ মে) ডিএসসিসির নগর ভবন অডিটরিয়ামে প্রাথমিক বর্জ্য সংগ্রহকারী প্রতিষ্ঠানসমূহের (পিসিএসপি) সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ সতর্কবার্তা দেন। বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম এবং নাগরিক ভোগান্তির বিষয়ে ক্ষোভ প্রকাশ করে প্রশাসক বলেন, বিভিন্ন এলাকা থেকে অভিযোগ আসছে যে কিছু প্রতিষ্ঠান নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা আদায় করছে এবং প্রতিদিন ময়লা সংগ্রহ করছে না, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি স্পষ্টভাবে জানান, প্রতিটি ফ্ল্যাট বা বাসাবাড়ি থেকে মাসিক সর্বোচ্চ ১০০ টাকা বিল নিতে হবে এবং তা অবশ্যই নির্ধারিত রশিদের মাধ্যমে আদায় করতে হবে। সভায় জানানো হয়, নিয়মিত বর্জ্য অপসারণ নিশ্চিত করতে হবে এবং দিনের বর্জ্য দিনেই সরিয়ে নিতে হবে। কোনো এলাকায় ময়লা জমে থাকতে পারবে না। কোরবানির পরবর্তী বিশেষ প্রস্তুতির অংশ হিসেবে জানানো হয়, ঈদুল আজহার তিন দিন কোনো পরিচ্ছন্নতাকর্মী বা সংশ্লিষ্ট কর্মকর্তা ছুটিতে থাকতে পারবেন না। প্রতিটি ওয়ার্ড বর্জ্যমুক্ত না হওয়া পর্যন্ত কর্মীদের মাঠে দায়িত্ব পালন করতে হবে। পিসিএসপি ঠিকাদারদের সরাসরি মাঠে উপস্থিত থেকে কাজ তদারকি করতে হবে এবং পর্যাপ্ত ভ্যান ও জনবল নিশ্চিত করতে হবে। নাগরিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখা এবং পরিচ্ছন্নতাকর্মীদের যথাসম্ভব পরিচ্ছন্ন পোশাকে দায়িত্ব পালন করার নির্দেশ দেওয়া হয়। রাস্তা বা খালে কোনোভাবেই ময়লা ফেলা যাবে না। নির্ধারিত স্থানের বাইরে বাসাবাড়ি থেকে যদি রাস্তা বা খালে ময়লা ফেলা হয়, তবে সংশ্লিষ্ট বাসায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হবে বলেও সতর্ক করা হয়। প্রশাসক বলেন, বর্জ্য ব্যবস্থাপনা কেবল একটি সেবা নয়, এটি একটি মানবিক ও সামাজিক দায়িত্ব। চুক্তির শর্ত ভঙ্গ করলে ডিএসসিসি আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। সভায় ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রাথমিক বর্জ্য সংগ্রহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।জেটিভি নিউজ বাংলা
সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ...

Reporter Name 




















