জেটিভি নিউজ বাংলা
তারিখ: ১০ এপ্রিল ২০২৬ | সময়: ১:১২ মিনিট।টেকসই, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: অর্থমন্ত্রী
দেশের অর্থনীতিকে শুধু প্রবৃদ্ধিনির্ভর নয়, বরং টেকসই, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক ভিত্তির ওপর গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্যবলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার সকালে বাংলাদেশ জাতীয় সংসদ-এর ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনে ৩০০ বিধিতে দেওয়া এক গুরুত্বপূর্ণ বিবৃতিতে তিনি এ কথা জানান। অর্থমন্ত্রী বলেন, ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রণয়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে এবং নবনির্বাচিত সরকারের প্রথম বাজেটকে ঘিরে জনগণের যে উচ্চ প্রত্যাশা রয়েছে, সে বিষয়ে সরকার পুরোপুরি সচেতন। একই সঙ্গে পূর্ববর্তী সময় থেকে উত্তরাধিকারসূত্রে পাওয়া বিভিন্ন অর্থনৈতিক চ্যালেঞ্জের কথাও তুলে ধরে তিনি বলেন, এসব সীমাবদ্ধতা বিবেচনায় নিয়েই বাস্তবসম্মত পরিকল্পনা নেওয়া হচ্ছে। তিনি আরও জানান, অর্থনীতির বিভিন্ন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং বহুমুখী চাপ মোকাবিলার মাধ্যমে একটি শক্তিশালী ভিত্তি তৈরি করার চেষ্টা চলছে। এবারের বাজেটের লক্ষ্য শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন নয়, বরং দীর্ঘমেয়াদে স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করা। বাজেটে অতিরিক্ত আর্থিক চাপ নিয়ন্ত্রণ এবং ব্যালেন্স অব পেমেন্টে বৈদেশিক মুদ্রার চাপ সহনীয় রাখতে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে অতিরিক্ত বাজেট সহায়তা পাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী। উল্লেখ্য, ৩০০ বিধি অনুযায়ী কোনো গুরুত্বপূর্ণ ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মন্ত্রীরা স্পিকারের অনুমতি নিয়ে সংসদে আনুষ্ঠানিক বিবৃতি প্রদান করেন, যা সংসদের রেকর্ডে বিশেষ গুরুত্বের সঙ্গে সংরক্ষিত হয়।জেটিভি নিউজ বাংলা
সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

Reporter Name 



















