এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ে ঘিরে নতুন বিতর্ক, ফাঁস হওয়া অডিওতে কাবিননামা নিয়ে উঠল প্রশ্ন
জেটিভি নিউজ বাংলা
তারিখ: ২২ জুলাই ২০২৬ ইং, বুধবার,সময়: বেলা ১২:২৭ মিনিট। সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে চলমান বিতর্কে যুক্ত হয়েছে নতুন মোড়। তার দ্বিতীয় বিয়ের কাবিননামা ও বিয়ের তারিখ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে, যা নতুন করে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম দাবি করেন, গত ১৭ জুন পারিবারিকভাবে এবং প্রথম স্ত্রী মাকসুদা ইসলামের সম্মতিতে তিনি মরিয়ম খাতুনকে বিয়ে করেন। পরে তার প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রী এবং শ্বশুর মো. মাসুম বিল্লাহ পৃথক ভিডিও বার্তায় ওই বিয়ের বিষয়টি সমর্থন করেন। তবে গতকাল মঙ্গলবার (২১ জুলাই) দিনভর বিষয়টি নিয়ে দেশজুড়ে আলোচনার মধ্যেই সংশ্লিষ্ট কাজী বাকী বিল্লাহর একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অডিওতে কাজীকে বলতে শোনা যায়, বিয়ের সময় কনের বাবা ফোনে সম্মতি দিয়েছিলেন। এছাড়া তিনি জানান, মঙ্গলবার (২১ জুলাই) সকালে কনে মরিয়ম খাতুন ও তার অভিভাবক কাজী অফিসে এসে কাবিননামায় স্বাক্ষর করেন। অর্থাৎ, কাবিননামায় বিয়ের তারিখ ১৭ জুলাই উল্লেখ থাকলেও রেজিস্ট্রি খাতায় স্বাক্ষর নেওয়া হয়েছে ২১ জুলাই। কনের পরিচয় ও বয়স সংক্রান্ত প্রশ্নের জবাবে অডিওতে কাজীকে আরও বলতে শোনা যায়, ফোনে পাওয়া তথ্যের ভিত্তিতেই কাবিননামা প্রস্তুত করা হয়েছিল। নথিপত্র অনুযায়ী কনের বয়স ১৮ বছর ৩ মাস। এর আগে ভাইরাল ভিডিও প্রসঙ্গে এমপি গাজী নজরুল ইসলাম অভিযোগ করেন, গত ১৩ জুলাই প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রী এবং শ্বশুরকে সঙ্গে নিয়ে তিনি রাজধানীর মগবাজারে তার নিজস্ব ব্যবসায়িক কার্যালয়ে যান। সেখানে একদল লোক তাদের জিম্মি করে অর্থ দাবি করে এবং গোপনে ব্যক্তিগত ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। তবে পরবর্তীতে বিভিন্ন পক্ষ থেকে প্রকাশিত ভিডিও ও বক্তব্যে ঘটনাটির বিবরণ নিয়ে পরস্পরবিরোধী তথ্য সামনে এসেছে। এদিকে, কাজী বাকী বিল্লাহর অডিও ক্লিপ প্রকাশের পর বিয়ের প্রকৃত তারিখ এবং কাবিননামার আইনি ভিত্তি নিয়ে সাতক্ষীরাসহ বিভিন্ন এলাকায় ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে অডিও ক্লিপটির সত্যতা কিংবা এতে কাজীর বক্তব্য সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বুধবার সকালে অডিও ক্লিপের বিষয়ে নিশ্চিত হতে এবং বিস্তারিত জানতে কাজী বাকী বিল্লাহর মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়। পরে তার বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি।জেটিভি নিউজ বাংলা বিষয়টির পরবর্তী অগ্রগতি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা পাঠকদের সামনে তুলে ধরবে।
জেটিভি নিউজ বাংলা
দেশ ও দশের কথা বলে....

স্টাফ রিপোর্টার 





















