লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭২ বাংলাদেশি, অধিকাংশই মানবপাচারের শিকার
জেটিভি নিউজ বাংলা
তারিখ: ২৫ জুন ২০২৬ ইং,সময়: সন্ধ্যা ৬:৫৬ মিনিট। লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক থাকা ১৭২ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (২৫ জুন) ভোর ৫টা ১৮ মিনিটে বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তাদের ঢাকায় ফিরিয়ে আনা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে তাদের দেশে প্রত্যাবর্তন নিশ্চিত করা হয়েছে। বিমানবন্দরে ফিরে আসা বাংলাদেশিদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে ফিরে আসা এসব বাংলাদেশির অধিকাংশই মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তাদের অনেকেই সেখানে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তাদের অভিজ্ঞতা দেশের মানুষের সঙ্গে ভাগাভাগি করার আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে প্রত্যেক প্রত্যাবর্তনকারীকে পথখরচা, খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজন অনুযায়ী অস্থায়ী বাসস্থানের সুবিধা প্রদান করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। অবৈধ অভিবাসনের ঝুঁকি এবং মানবপাচারকারীদের প্রতারণা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।জেটিভি নিউজ বাংলা
দেশ ও দশের কথা বলে....

ডেস্ক রিপোর্ট 



















