জেটিভি নিউজ বাংলা
তারিখ: ২৫ জুন ২০২৬ ইং,সময়: সকাল ১০:৫৬ মিনিট।গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সংবাদমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, “গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সংবাদমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডের মাধ্যমে জাতীয় সংসদ আরও মহিমান্বিত হবে।” বুধবার (১৪ জুন) জাতীয় সংসদের সাংবাদিক লাউঞ্জে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) আয়োজিত ‘ফল উৎসব-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিপিজেএর সভাপতি হারুন জামিল এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শওকত আলী খান লিথো। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং চিফ হুইপ মো. নূরুল ইসলাম। স্পিকার বলেন, বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন প্রতিবছর ফল উৎসবের আয়োজন করে থাকে, যা একটি ব্যতিক্রমী উদ্যোগ। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের ফল উৎসবের আনন্দ সাধারণ মানুষও উপভোগ করতে পারবে। হাফিজ উদ্দিন আহমদ বলেন, “এতদিন এই ধরনের আবোল-তাবোল সংসদের পর এবার সত্যিকারের সংসদ পেয়েছি। ১৯৯১ সালে একটি ভালো সংসদ দেখেছিলাম, আর এবারকার সংসদও তেমন। এবার অত্যন্ত অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে। এখানে অনেকেই নিজ গুণে নির্বাচিত হয়েছেন, যাদের তেমন রাজনৈতিক পরিচিতি ছিল না। “বর্তমান সংসদ অনেক প্রাণবন্ত। সত্যিকার অর্থে এটি একটি নির্বাচিত জনপ্রতিনিধিত্বমূলক পার্লামেন্ট, যা একটি সুষ্ঠু ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গঠিত হয়েছে।” তিনি আরও বলেন, “জনগণ দীর্ঘদিন ধরে এ ধরনের কাঙ্ক্ষিত সংসদের প্রত্যাশা করে আসছিল।” ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে সাংবাদিকদের সঙ্গে একটি সুন্দর মেলবন্ধন তৈরি হয়। সংসদকে কেন্দ্র করে গণতন্ত্রকে প্রকৃত প্রাতিষ্ঠানিক রূপ দিতে জনকল্যাণে সাংবাদিক ও সংবাদমাধ্যম কার্যকর ভূমিকা রাখতে পারে।” তিনি চমৎকার পরিসরে ফল উৎসব আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানান। জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেন, “ফল উৎসব আয়োজনের মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সুসম্পর্ক আরও দৃঢ় হবে। সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনের মাধ্যমে জাতীয় সংসদের কার্যক্রম ও জনগণের প্রত্যাশার মধ্যে আরও কার্যকর সেতুবন্ধন তৈরি করবেন বলে আমি প্রত্যাশা করি।” গণমাধ্যমের গঠনমূলক ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, সংসদকে জনগণের আরও কাছাকাছি নিয়ে যেতে সাংবাদিকদের প্রয়োজনীয় সব উদ্যোগে সহযোগিতা অব্যাহত থাকবে। স্পিকার এ সময় বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ফল উৎসব-২০২৬ আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানান। অনুষ্ঠানে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সরকারদলীয় হুইপ জি কে গউছ, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, আখতারুজ্জামান মিয়া, এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), বিভিন্ন সংসদ সদস্য, জাতীয় সংসদের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া, বিপিজেএর জ্যেষ্ঠ সদস্য ও সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, সিনিয়র সাংবাদিক এম আব্দুল্লাহ, মোস্তফা কামাল মজুমদার, বাছির জামাল, আশিষ সৈকত, জাহেদ চৌধুরী, কামরান রেজা চৌধুরী, রিয়াজ আহমেদ, ইলিয়াস হোসেন, নিখিল ভদ্রসহ অনেকে অংশগ্রহণ করেন। এছাড়া উপস্থিত ছিলেন বিপিজেএর সহ-সভাপতি ফয়েজ উল্লাহ ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, অর্থ সম্পাদক মো. শাহজাহান মোল্লা, দফতর সম্পাদক নাজমুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মশিউর রহমান, মনিরুল ইসলামসহ সংগঠনের আরও অনেক সদস্য। — জেটিভি নিউজ বাংলাদেশ ও দশের কথা বলে.....

ডেস্ক রিপোর্ট 




















