জেটিভি নিউজ বাংলা
তারিখ: ২৩ জুন ২০২৬ ইং,সময় :সন্ধ্যা ০৭:৫২ মিনিট।বিদেশি দূতাবাস ও ভিসা সেন্টারের অর্থ প্রেরণ সহজ করল বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশে কার্যরত বিদেশি দূতাবাস, তাদের অনুমোদিত ভিসা সেন্টার এবং এজেন্সিগুলো এখন থেকে ভিসা ফি ও বিভিন্ন সেবার বিপরীতে স্থানীয় মুদ্রায় আদায় করা অর্থ বিদেশি মুদ্রায় নিজ নিজ দেশে পাঠাতে পারবে। এ জন্য বাংলাদেশ ব্যাংকের পৃথক অনুমোদন গ্রহণের প্রয়োজন হবে না। সোমবার (২২ জুন) এ বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনায় আগের বিধান শিথিল করে বলা হয়েছে, শুধু দূতাবাস নয়, তাদের অনুমোদিত এজেন্সি ও ভিসা আবেদন কেন্দ্রগুলোর ক্ষেত্রেও একই সুবিধা প্রযোজ্য হবে। বাংলাদেশে অনেক দেশের সরাসরি দূতাবাস না থাকায় বিভিন্ন ভিসা আবেদন কেন্দ্র ও অনুমোদিত এজেন্সির মাধ্যমে ভিসা কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। নতুন সিদ্ধান্তের ফলে এসব প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন আরও সহজ ও গতিশীল হবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে। তবে বৈদেশিক মুদ্রা প্রেরণের ক্ষেত্রে ব্যাংকের অনুমোদিত ডিলার (এডি) শাখাগুলোকে প্রয়োজনীয় দলিলপত্র ও লেনদেনের বৈধতা যথাযথভাবে যাচাই করতে হবে। একই সঙ্গে প্রযোজ্য সব ধরনের কর ও শুল্ক পরিশোধ নিশ্চিত করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর আগে চলতি বছরের মে মাসে দূতাবাসগুলোর আর্থিক লেনদেন সহজ করতে পৃথক একটি সার্কুলার জারি করেছিল বাংলাদেশ ব্যাংক। ওই সার্কুলারে বিদেশি দূতাবাস বা আন্তর্জাতিক কর্তৃপক্ষের কাছে ভিসা পাওয়ার পূর্বশর্ত হিসেবে বৈদেশিক মুদ্রায় জামানত বা গ্যারান্টি জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়। নির্দেশনায় আরও বলা হয়, যেসব ক্ষেত্রে বৈদেশিক মুদ্রায় জামানত জমা দিতে হয়, সেখানে কেবল ফেরতযোগ্য অথবা মেয়াদ শেষে দেশে প্রত্যাবাসনযোগ্য অর্থই জামানত হিসেবে রাখা যাবে। জামানতের মেয়াদ শেষ হলে সংশ্লিষ্ট ব্যাংককে সেই বৈদেশিক মুদ্রা দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। বিশ্লেষকদের মতে, বাংলাদেশ ব্যাংকের এসব পদক্ষেপ বিদেশে উচ্চশিক্ষা, প্রশিক্ষণ, কর্মশালা, কর্মসংস্থান এবং অন্যান্য প্রয়োজনে ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর জন্য আর্থিক লেনদেনকে আরও সহজ ও দ্রুত করবে। একই সঙ্গে বিদেশি দূতাবাস, ভিসা সেন্টার ও অনুমোদিত এজেন্সিগুলোর কার্যক্রমেও নতুন গতি সঞ্চার হবে।জেটিভি নিউজ বাংলা
দেশ ও দশের কথা বলে.....

স্টাফ রিপোর্টার 





















