জেটিভি নিউজ বাংলা
তারিখ: ১৫ জুন ২০২৬ ইং, সোমবার সময়: সন্ধ্যা ০৭:৪৪ মিনিট।গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ও উপসর্গ শনাক্ত ১ হাজার ৩৬ জন
দেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও হামের উপসর্গ নিয়ে আরও চার জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিন জন হামের উপসর্গ নিয়ে এবং একজন হামে আক্রান্ত হয়ে মারা গেছেন। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৬ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। সোমবার (১৫ জুন) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হাম বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজন করে মোট চার জনের মৃত্যু হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে রবিবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৬৫৬ জনের মৃত্যু হয়েছে। এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৬৪ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি একই সময়ে আরও ৯৭২ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এর ফলে, গত ১৫ মার্চ থেকে রবিবার পর্যন্ত দেশে মোট ৮৬ হাজার ৯২৭ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে মোট ১০ হাজার ৩৮৭ জনের হাম শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে রবিবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৭১ হাজার ৪৬৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৭ হাজার ৮৭৮।জেটিভি নিউজ বাংলা
দেশ ও দশের কথা বলে.....

ডেস্ক রিপোর্ট 






















