জেটিভি নিউজ বাংলা,ডেস্ক
তারিখ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬,সময়ঃ ৩:০০ পিএম।
নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ: গণতান্ত্রিক সরকারের পররাষ্ট্রনীতি হবে ‘বাংলাদেশ ফার্স্ট’
নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, জনগণের ম্যান্ডেট নিয়ে গঠিত নতুন সরকার পররাষ্ট্রনীতিতে ‘মেরুদণ্ড সোজা রেখে’ সব দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায়।
বৃহস্পতিবার দায়িত্ব গ্রহণের দ্বিতীয় দিনে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, গণতান্ত্রিক সরকারের পররাষ্ট্রনীতি হবে ‘বাংলাদেশ ফার্স্ট’, যেখানে প্রতিটি সিদ্ধান্তে দেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হবে। তিনি বলেন, “গণতান্ত্রিক সরকারের মেরুদণ্ড এখন শক্ত হয়েছে। সব দেশের সঙ্গে কথা বলব, যোগাযোগ রাখব এবং সম্পর্ক এগিয়ে নেব।”
ভিসা সংক্রান্ত জটিলতা প্রসঙ্গে তিনি জানান, সরকার এই সমস্যাগুলো সম্পর্কে অবগত এবং বাস্তবসম্মত সমাধানের জন্য কাজ চলছে। দীর্ঘদিন পর দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ নতুনভাবে নিজেদের অবস্থান তুলে ধরতে চায়।
শামা ওবায়েদ বলেন, মন্ত্রণালয়ের কর্মকর্তারা অত্যন্ত অভিজ্ঞ এবং তাদের সঙ্গে কাজ করতে তিনি অগ্রাধিকার দেবেন। তিনি বলেন, “আমার চেয়ে এখানকার কর্মকর্তারা অনেক বেশি অভিজ্ঞ। তাদের সবাইকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে যাবো।”
তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে যে ‘বাংলাদেশ ফার্স্ট’ প্রতিশ্রুতি দিয়েছেন, তা বাস্তবায়নে পররাষ্ট্র মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রতিটি নাগরিকের স্বার্থকে সামনে রেখে কূটনৈতিক কার্যক্রম পরিচালনা করা হবে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি ‘চলমান প্রক্রিয়ার অংশ’ হিসেবে তিনি উল্লেখ করেন এবং বলেন, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ চালিয়ে যাবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, বাংলাদেশ দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক উভয় পর্যায়ে সব দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায়। রাজনৈতিক দল, মত ও ধর্ম নির্বিশেষে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ অবস্থান নিয়েই পররাষ্ট্রনীতি পরিচালনা করা হবে।
শামা ওবায়েদ বলেন, মন্ত্রণালয়ের সাম্প্রতিক বৈঠকগুলো ছিল সমন্বয় জোরদারের অংশ। সব মন্ত্রণালয়কে সহায়তা করে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
জেটিভি নিউজ বাংলা
সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....