ঢাকা, ১৯ ডিসেম্বর ২০২৫ – রাজধানীর শাহবাগ চত্বর আজ উত্তাল হয়ে উঠেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে। শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর থেকে সেখানকার হাজারো প্রতিবাদী মিছিল নিয়ে এবং মাইকিং করে উপস্থিত হন। তাদের মধ্যে রাজনীতিবিদ, ছাত্রনেতা, সাধারণ জনগণ, এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা একত্রিত হন। ডাকসু (ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) ভিপি সাদিক কায়েম বিক্ষোভ সমাবেশ থেকে ঘোষণা করেন, “আজ থেকে শাহবাগের নাম হবে ‘শহীদ ওসমান হাদি চত্বর’।’’ তিনি আরও বলেন, ‘‘ওসমান হাদির খুনিদের বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না।’’ এ সময় ডাকসু জিএস এস এম ফরহাদ বলেন, “হাদির মৃত্যুর ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। হাতির রক্ত দিয়ে দিল্লির কবর রচনা করবো।” তিনি আরও বলেন, “আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো।” দুপুরের আগে থেকেই শাহবাগে শত শত মানুষ শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে যোগ দেন। কেউ মিছিল নিয়ে, কেউবা স্ব-উদ্যোগে সেখানে এসে উপস্থিত হন। হাতে পতাকা ও স্লোগান লেখা প্লাকার্ড নিয়ে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করেন এবং প্রশাসনের বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করেন। বিক্ষোভকারীদের মুখে ছিল একটাই দাবি – হাদির হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনা হোক।
- “ফ্যাসিবাদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও!”
- “আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় হবে না!”
- “হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না!”
শাহবাগে অবস্থানরত বিক্ষোভকারীরা থামার কোন লক্ষণ না দেখিয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তারা জানিয়েছে, “যতদিন না হত্যাকারীরা বিচারের আওতায় আসছে, ততদিন তাদের প্রতিবাদ চলবে।” এ পর্যন্ত বিক্ষোভে কোনো ধরনের সহিংসতার ঘটনা ঘটেনি, তবে পুলিশের উপস্থিতি অব্যাহত রয়েছে।

Reporter Name 




















