লন্ডনে তারেক রহমানের শেষ কর্মসূচি ১৬ ডিসেম্বর
দেশে ফেরার আগে বিজয় দিবসে নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য
লন্ডন প্রতিনিধি | জেটিভি নিউজ বাংলা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে যুক্তরাজ্যে দলীয় নেতাকর্মীদের সঙ্গে তার সর্বশেষ আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নেবেন। দেশে ফেরার আগে এই আয়োজনের মাধ্যমে তিনি লন্ডনের মঞ্চ থেকে শেষবারের মতো আনুষ্ঠানিকভাবে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখবেন। যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তারেক রহমান। আগামী মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকাল ৫টায় লন্ডনের সিটি প্যাভিলিয়নে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যুক্তরাজ্য বিএনপির সহ-দপ্তর সম্পাদক সেলিম আহমদ জানান, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী বিজয় দিবসের এই আলোচনা সভায় তারেক রহমান সময় দেওয়ায় অনুষ্ঠানটি বড় পরিসরে আয়োজন করা হচ্ছে। দলীয় সূত্রে জানা গেছে, এই অনুষ্ঠানের মধ্য দিয়েই যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির নেতাকর্মীদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেবেন তারেক রহমান। সময় স্বল্পতার কারণে কমিউনিটি বা সুধীজনদের সঙ্গে আলাদা কোনো কর্মসূচি থাকছে না। এদিকে, আগামী ২৪ ডিসেম্বর লন্ডনের কিংস্টনের বাসা থেকে হিথ্রো বিমানবন্দরের পথে যাত্রাকালে নেতাকর্মীরা তারেক রহমানকে বিদায় জানাবেন বলে জানা গেছে। অনুষ্ঠানে সভাপতিত্ব ও পরিচালনার দায়িত্বে থাকবেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম. এ. মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম. আহমেদ। তারা রবিবার বাংলাদেশ থেকে লন্ডনের উদ্দেশে রওনা হয়েছেন। যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ বলেন, “এই কর্মসূচি সোমবার হওয়ার কথা থাকলেও তারেক রহমান প্রধান অতিথি হিসেবে সময় দেওয়ায় মঙ্গলবার বড় পরিসরে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”দেশে ফেরার প্রস্তুতি চূড়ান্ত
সূত্র জানায়, দেশে ফেরার তারিখ চূড়ান্ত করার সময় তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান বাংলাদেশে ছিলেন এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শয্যাপাশে অবস্থান করছিলেন। ডা. জোবাইদা রহমান প্রয়োজনীয় ব্যক্তিগত সামগ্রী সংগ্রহের জন্য ২৪ ডিসেম্বরের আগেই লন্ডনে ফিরে তারেক রহমানের সঙ্গে দেশে ফিরবেন বলে জানা গেছে। তাদের কন্যা ডা. জাইমা রহমানও তারেক রহমানের সঙ্গে দেশে ফিরবেন—এটি নিশ্চিত হয়েছে। পরিবারের সদস্যদের পাশাপাশি সফরসঙ্গী হিসেবে থাকছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্যে দলের প্রবীণ নেতা মাহিদুর রহমান, যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, তারেক রহমানের একান্ত সচিব আব্দুর রহমান সানি, জিয়াউর রহমান ফাউন্ডেশন ইউরোপের সমন্বয়ক কামাল উদ্দীন এবং বিএনপির মিডিয়া টিমের সিনিয়র সদস্য সালেহ শিবলী। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য কিংবা দলের সিনিয়র নেতারাও তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে এবং তার সহযাত্রী হিসেবে লন্ডনে আসতে পারেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

Reporter Name 






















