নাসা গ্রুপ চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের ৩ দিনের রিমান্ড মঞ্জুর
স্টাফ রিপোর্টার | জেটিভি নিউজ বাংলা
গুলশান থানায় দায়ের হওয়া জুলাই মাসের
কামাল হোসেন সবুজ হত্যা মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান
নজরুল ইসলাম মজুমদারকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
সোমবার (৮ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
মো. সেফাতুল্লাহ এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ড আবেদন করলেও আদালত শুনানি শেষে তিন দিন মঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি)
অ্যাডভোকেট শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালতে অসুস্থতার কথা তুলে ধরেন নজরুল ইসলাম মজুমদার
শুনানিতে নিজেকে
হার্টের রোগী দাবি করে নজরুল ইসলাম মজুমদার বলেন,
“কাশিমপুর কারাগারে অসুস্থ হয়ে পড়েছিলাম। হার্টে ব্লক ধরা পড়েছে। এ অবস্থায় রিমান্ডে নিলে যেকোনো সময় হার্ট অ্যাটাক হতে পারে। প্রয়োজনে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হোক।”
তিনি আরও বলেন,
“গত ১৫ মাস ধরে জেলে আছি। নানা মামলায় রিমান্ড হয়েছে। দুদকের ২ মামলায় আমাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের সুযোগ দেওয়া হয়েছিল। এবারও তা চাই।”
রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন,
“হাসিনা এক দিনে ফ্যাসিস্ট হননি। নজরুল ইসলাম মজুমদারের মতো ব্যক্তিরা অর্থ ও মদদ দিয়ে তাকে শক্তিশালী হতে সাহায্য করেছেন। আন্দোলনে ভোটাধিকার দাবি করতে গিয়ে প্রাণ হারিয়েছেন অনেকে, তাদের মধ্যে সবুজও আছেন। সত্য উদঘাটনে ১০ দিনের রিমান্ড প্রয়োজন।”
নজরুল ইসলাম মজুমদারের পক্ষে আইনজীবী
সাদেকুর রহমান তমাল রিমান্ড বাতিল ও জামিন আবেদন করেন। তিনি বলেন—
- এজাহারে তার নাম নেই
- সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে
- ঘটনার সময় তিনি দেশে ছিলেন না
- অভিযোগে অর্থ সহায়তার কথা বলা হলেও তা কীভাবে দিয়েছেন, স্পষ্ট নয়
- তিনি বয়স্ক ও গুরুতর অসুস্থ
আসামিপক্ষের আইনজীবীও জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুরোধ জানান।
গত ৭ নভেম্বর তদন্ত কর্মকর্তা
এসআই রেজাউল করিম নজরুল ইসলাম মজুমদারের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। সোমবার আসামিকে আদালতে হাজির করে শুনানি অনুষ্ঠিত হয়।