জেটিভি নিউজ বাংলা, নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
বেগম খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় অবতরণের অনুমতি পেয়েছে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন
বেগম খালেদা জিয়াকে লন্ডন হাসপাতালে নিতে ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অনুমতি পেয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল
৮টার কিছু পর এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছাবে বলে জানিয়েছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক
এসএম রাগিব সামাদ।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান,
সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে অবতরণের সময় অনুমোদন দেওয়া হয়েছে। একই দিন
রাত ৯টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় থেকে পুনরায় যাত্রা করবে বলে ধারণা করা হচ্ছে। তবে খালেদা জিয়ার মেডিক্যাল টিমের মূল্যায়নের ভিত্তিতে সময়সূচি পরিবর্তিত হতে পারে।
জানা গেছে,
কাতার সরকারের পৃষ্ঠপোষকতায় জার্মানভিত্তিক
এফএআই এভিয়েশন গ্রুপ থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ভাড়া নেওয়া হয়েছে।
গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর
এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। তার চিকিৎসায় লন্ডন ও চীন থেকে আসা চিকিৎসক দলসহ একটি বিশেষ মেডিক্যাল বোর্ড কাজ করছে। বোর্ডের চূড়ান্ত সম্মতি পেলেই তাকে লন্ডনে স্থানান্তর করা হবে।
এর আগে চলতি বছরের ৭ জানুয়ারি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়া হয়। সেখানে চার মাস চিকিৎসা শেষে গত ৫ মে একই ব্যবস্থায় তিনি দেশে ফিরে আসেন।