জেটিভি নিউজ বাংলা ডেস্ক
ছবি, সংগৃহীত
ডিএনসিসি প্রশাসক এজাজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুদকের অনুসন্ধান শুরু
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে ওঠা ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুদকের পরিচালক ঈশিতা রনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত একাধিক প্রতিবেদনে কোরবানির পশুর হাট ইজারা, ব্যাটারিচালিত রিকশা চালুর অনিয়মসহ বেশ কিছু দুর্নীতির অভিযোগ উঠে এসেছে। এসব অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই এবং বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য প্রশাসক এজাজকে ঘিরে আনুষ্ঠানিক অনুসন্ধান কার্যক্রম শুরু করতে যাচ্ছে দুদক। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলোতে বলা হয়, বিভিন্ন ইজারা, অনুমোদন ও প্রশাসনিক সিদ্ধান্তে অনিয়মের মাধ্যমে ব্যক্তিগত সুবিধা গ্রহণের অভিযোগ রয়েছে এজাজের বিরুদ্ধে। এসব তথ্য যাচাই-বাছাই করে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছে দুদক। উল্লেখ্য, গত জুলাইয়ের গণঅভ্যুত্থানে পূর্ববর্তী সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার সারাদেশে মোট ১,৮৭৩ জন স্থানীয় নির্বাচিত প্রতিনিধি এবং ১২টি সিটি করপোরেশনের মেয়রদের বরখাস্ত করে। পরে চলতি বছরের ফেব্রুয়ারিতে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার মোহাম্মদ এজাজকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। বর্তমানে তিনি সেই দায়িত্বে বহাল রয়েছেন। দুদক জানিয়েছে, অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনের আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Reporter Name 




















