জেটিভি নিউজ বাংলা – নিজস্ব প্রতিবেদক
নোয়াখালী-৬ আসনের সাবেক এমপি মোহাম্মদ আলীর পরিবারের সম্পদ ক্রোকের নির্দেশ
নোয়াখালী-৬ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আলী ও তার পরিবারের সদস্যদের মালিকানাধীন স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (২৩ নভেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ। দুদকের উপপরিচালক ও টিম লিডার মো. সিফাত উদ্দিনের স্বাক্ষরে এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী খন্দকার শামীম হোসেনের মাধ্যমে আদালতে আবেদনটি দাখিল করা হয়। অভিযুক্তদের মধ্যে রয়েছেন—সাবেক এমপি মোহাম্মদ আলীর স্ত্রী আয়েশা ফেরদাউস, ছেলে আশিক আলী ও মাহতাব আলী এবং মেয়ে সুমাইয়া আক্তার রিয়া। দুদক জানায়, তারা জ্ঞাত আয়ের উৎসের বাইরে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন। অভিযোগ রয়েছে, অভিযুক্তরা এসব সম্পদ বিক্রি, হস্তান্তর বা পাচারের চেষ্টা করছেন। দুদকের আবেদনে আরও বলা হয়, হাতিয়ার বিভিন্ন স্থানে হোটেল ‘ঈশিতা’, ‘ঈশিতা-২’ এবং ওমখালী বাজার এলাকায় নির্মাণাধীন একটি মার্কেটসহ বেশ কয়েকটি স্থাবর সম্পত্তির প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে, যা অপরাধলব্ধ আয়ের মাধ্যমে অর্জিত বলে ধারণা করছে সংস্থাটি। এছাড়া পূবালী ব্যাংকের ইন্টারকন্টিনেন্টাল হোটেল শাখায় মাহতাব আলীর নামে থাকা একটি ব্যাংক হিসাবে ৬ কোটি টাকার বেশি জমা রয়েছে। এটিকেও অপরাধলব্ধ আয়ের অংশ হিসেবে চিহ্নিত করেছে দুদক। আদালতের নির্দেশ অনুযায়ী, সংশ্লিষ্ট সব সম্পদ ও ব্যাংক হিসাব পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অবরুদ্ধ থাকবে।

Reporter Name 



















