ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে—বিএনপিতে মনোনয়ন নিয়ে তীব্র বিভেদ, তৃণমূলে ক্ষোভ বিস্ফোরণ
জেটিভি নিউজ বাংলা,ডেস্ক
প্রিন্ট ভার্সন স্ক্রিপ্ট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির ঘোষিত প্রাথমিক প্রার্থী তালিকা দলে গভীর বিভেদ সৃষ্টি করেছে। কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে প্রকাশ্যে অসন্তোষ জানাচ্ছেন মনোনয়নবঞ্চিত নেতারা। একাধিক জেলায় সড়ক-রেল অবরোধ, সংঘর্ষ, অগ্নিসংযোগসহ উত্তপ্ত হয়ে উঠেছে তৃণমূল। বেশ কয়েকটি আসনে হাইকমান্ডের কাছে প্রার্থী পরিবর্তনের ‘আল্টিমেটাম’ পর্যন্ত দেওয়া হয়েছে।
গত ৩ নভেম্বর বিএনপি ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে। তীব্র আপত্তির মুখে পরে একটি আসনের প্রার্থিতা স্থগিতও হয়। দলীয় সূত্র জানায়, পরিস্থিতি শান্ত করতে কেন্দ্র ঘোষিত প্রার্থীদের মাঠপর্যায়ের গ্রহণযোগ্যতা পুনর্বিবেচনার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, “এটি প্রাথমিক তালিকা। কোথাও বড় ধরনের সমস্যা দেখা দিলে দল অবশ্যই বিষয়টি বিবেচনায় নেবে।”
বিভিন্ন জেলায় সংঘর্ষ, অবরোধ, ক্ষোভের বিস্ফোরণ
ফরিদপুর, চট্টগ্রাম, জয়পুরহাট, নাটোর, মাদারীপুর, কুমিল্লা, সাতক্ষীরাসহ একাধিক জেলায় ব্যাপক উত্তেজনা দেখা গেছে।
ফরিদপুর (বোয়ালমারী):
৭ নভেম্বর খন্দকার নাসিরুল ইসলাম ও শামসুদ্দিন মিয়া ঝুনুপন্থীদের সংঘর্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। প্রতিপক্ষের কার্যালয়ে আগুন দেওয়া ও ঘণ্টাব্যাপী ভাঙচুরে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালেও বিক্ষুব্ধদের বাধায় ফিরে যেতে বাধ্য হয়।
জয়পুরহাট (আক্কেলপুর):
সাবেক এমপি গোলাম মোস্তফা ও মনোনীত প্রার্থী আব্দুল বারীর সমর্থকদের সংঘর্ষে আহত হন দুজন।
নওগাঁ-৪:
এম এ মতিনের সমর্থকরা সড়ক অবরোধ করে মনোনীত প্রার্থী ডা. ইকরামুল বারী টিপুর মনোনয়ন বাতিলের দাবি করেন।
নাটোর-১:
সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর অনুসারীরা রেল অবরোধ করে মনোনীত প্রার্থী ফারজানা শারমিন পুতুলের বিরুদ্ধে প্রতিবাদ জানান।
মাদারীপুর-১:
সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলুর সমর্থকদের অবরোধে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের যোগাযোগ বন্ধ হয়ে যায়। আংশিক স্থগিত প্রার্থিতার পরও ক্ষোভে ফুঁসছেন তৃণমূল নেতাকর্মীরা।
চাঁদপুর-৪, সাতক্ষীরা-৩, ময়মনসিংহ, কুমিল্লা—
টায়ার জ্বালিয়ে সড়ক-রেল অবরোধ, মিছিল, সমাবেশ, হামলা ও পাল্টাপাল্টি ধাওয়া—সব জায়গায় একই চিত্র। কুমিল্লা-১০ এ রেলপথ অবরোধ ও অগ্নিসংযোগ, কুমিল্লা-৯ এ গণসংযোগে হামলায় আহত ২০ জন।
চট্টগ্রাম (সীতাকুণ্ড):
লায়ন আসলাম চৌধুরীর অনুসারীরা মহাসড়কের পাঁচ স্থানে অবরোধ করেন। যুবদল-স্বেচ্ছাসেবক দলের কয়েকজনকে পরে বহিষ্কার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া-৪:
৯০ বছর বয়সী সাবেক সচিব মুশফিকুর রহমানকে প্রার্থী করা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। পরিবর্তনের দাবিতে তৃণমূলে তীব্র অসন্তোষ।
মুন্সীগঞ্জ-২, ফেনী-২:
সংঘর্ষ, মানববন্ধন ও ‘রিভিউ আবেদন’ নিয়ে তোলপাড় পুরো এলাকায়।
বিশ্লেষকদের মত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক বিশ্লেষক ড. মো. শামছুল আলম মনে করেন,
“ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা দেখেই মনোনয়নপ্রত্যাশীরা আগ্রাসী হয়েছেন। তবে শুধুমাত্র মনোনয়ন পেলেই জয়ের নিশ্চয়তা নেই। নির্বাচন কঠিন হবে।”
তিনি আরও বলেন, “তফসিল ঘোষণার আগে সংকটপূর্ণ আসনগুলোতে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করাই দলের জন্য উত্তম হবে।”
আগামী নির্বাচনের সময়সীমা
আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একই দিনে চারটি প্রশ্নে গণভোটও আয়োজনের প্রস্তুতি চলছে। নির্বাচন কমিশন ডিসেম্বরের শুরুতে তফসিল ঘোষণা করতে পারে।