📰 কুড়িগ্রামে গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনা: যুবলীগের দুই নেতা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক | জেটিভি নিউজ বাংলা কুড়িগ্রামের উলিপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনার অভিযোগে দুই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ নভেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে উলিপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার দলদলিয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিক ওরফে সিদ্দিকুর রহমান (৩০) এবং ধামশ্রেনী ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান (৩৮)। পুলিশ জানায়, উপজেলার দুর্গম চরাঞ্চল সাহেবের আলগা ইউনিয়নের নামাজের চরে গোপন বৈঠক করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের লিফলেট বিতরণ, বিশৃঙ্খলা সৃষ্টি ও নাশকতার পরিকল্পনা করছিলেন তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পালিয়ে যান। পরবর্তীতে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে ওই দুই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন,“গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।”উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলম পিপিএম বলেন,
“অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে দুই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।”তিনি আরও জানান,
“যেকোনো অপরাধ ও নাশকতামূলক কর্মকাণ্ড কঠোরভাবে দমন করতে জেলা পুলিশ দৃঢ় অবস্থানে রয়েছে।”
📍প্রকাশনা: জেটিভি নিউজ বাংলা ডেস্ক 🕒 তারিখ: বুধবার, ১২ নভেম্বর ২০২৫ 📌 স্থান: উলিপুর, কুড়িগ্রাম

Reporter Name 




















