আগস্টে ১২ কেজি এলপিজির দাম বাড়ল ৭০ টাকা, নতুন মূল্য ১,৫৯৮ টাকা
জেটিভি নিউজ বাংলা
তারিখ: ০২ আগস্ট ২০২৬, রবিবার,সময় : বিকাল ০৫:১৯ মিনিট।
নিজস্ব প্রতিবেদক: আগস্ট মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। রবিবার (০২ আগস্ট) ১২ কেজির এলপিজি সিলিন্ডারের নতুন খুচরা মূল্য ১ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। একই দিন সন্ধ্যা থেকে এ নতুন মূল্য কার্যকর হবে। এর আগে জুলাই মাসে ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের খুচরা মূল্য ছিল ১ হাজার ৫২৮ টাকা। সে হিসাবে চলতি আগস্ট মাসে সিলিন্ডারপ্রতি দাম ৭০ টাকা বেড়েছে। তবে এর আগের মাস জুনে ১২ কেজির সিলিন্ডারের মূল্য ছিল ১ হাজার ৮৮৫ টাকা, যা থেকে জুলাই মাসে ৩৫৭ টাকা কমানো হয়েছিল। রবিবার প্রকাশিত বিইআরসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেসরকারি পর্যায়ে ভোক্তাদের জন্য এলপিজির মূল্য প্রতি কেজি ১৩৩ টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। এই মূল্যও রবিবার সন্ধ্যা থেকেই কার্যকর হবে। একই সঙ্গে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বৃদ্ধি করা হয়েছে। নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৭৩ টাকা ৬৭ পয়সা। এর আগে জুলাই মাসে অটোগ্যাসের দাম ছিল প্রতি লিটার ৭০ টাকা ৪০ পয়সা। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্য এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যয়ের ভিত্তিতে প্রতি মাসে এলপিজি ও অটোগ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়।জেটিভি নিউজ বাংলা
দেশ ও দশের কথা বলে....

নিজস্ব প্রতিবেদক 











