জেটিভি নিউজ বাংলা
তারিখ: ২২ এপ্রিল ২০২৬ ইং | সময়: ১২:১৫ মিনিট।অযৌক্তিক ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি যাত্রী কল্যাণ সমিতির
আন্তর্জাতিক ক্রেতা-ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করে বাস ও লঞ্চ মালিক সমিতির একচেটিয়া ভাড়া বৃদ্ধির চেষ্টার বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। বুধবার (২২ এপ্রিল) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এই হুঁশিয়ারি দেন। বিবৃতিতে তিনি উল্লেখ করেন, ২০২২ সালের আগস্টে ডিজেলের মূল্য একলাফে ৩৪ টাকা বাড়িয়ে লিটারপ্রতি ১১৪ টাকা করা হলে বাসভাড়া প্রতি কিলোমিটারে ৪০ পয়সা বা ২২ শতাংশ এবং লঞ্চভাড়া ৩২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়। পরবর্তীতে ডিজেলের দাম কয়েক দফায় কমে ১০০ টাকায় নামলেও সরকার তিন দফায় ৮ পয়সা করে বাসভাড়া কমানোর ঘোষণা দেয় এবং লঞ্চ ভাড়াও কাগজে-কলমে সমন্বয় করা হয়। তবে বাস্তবে যাত্রীরা এই কমানো ভাড়ার সুবিধা পাননি বলে অভিযোগ করেন তিনি। তিনি আরও বলেন, সম্প্রতি ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা করা হলেও এই সামান্য বৃদ্ধিকে অজুহাত হিসেবে ব্যবহার করে বাস মালিকেরা ৬৪ শতাংশ এবং লঞ্চভাড়া ৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর চেষ্টা করছে, যা সম্পূর্ণ অযৌক্তিক। মোজাম্মেল হক চৌধুরী অভিযোগ করেন, যৌক্তিক তথ্য উপস্থাপন করায় যাত্রী কল্যাণ সমিতিকে বারবার উপেক্ষা করে বাস ও লঞ্চ মালিক সমিতি একচেটিয়াভাবে ভাড়া বাড়ানোর পায়তাঁরা করছে। কিছু অসাধু কর্মকর্তা মালিকপক্ষকে সুবিধা দিতে যাত্রী প্রতিনিধিদের বাদ দিয়ে ভাড়া সমন্বয়ের উদ্যোগ নিচ্ছেন বলেও দাবি করেন তিনি। এ পরিস্থিতিতে সাধারণ যাত্রীদের স্বার্থ রক্ষায় সরকারের কার্যকর হস্তক্ষেপ কামনা করে তিনি বলেন, অযৌক্তিক ভাড়া বৃদ্ধি বন্ধ না হলে যাত্রীদের নিয়ে কঠোর আন্দোলনে নামবে সংগঠনটি।জেটিভি নিউজ বাংলা
সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

Reporter Name 





















