জেটিভি নিউজ বাংলা
তারিখ: ১৫ এপ্রিল ২০২৬ | সময়: ৩:০৫ মিনিট।কক্সবাজার বিমানবন্দরে ফিরছে আন্তর্জাতিক মর্যাদা, চালু হবে আন্তর্জাতিক ফ্লাইট
এক মাসও টিকতে পারেনি কক্সবাজার বিমানবন্দরের ‘আন্তর্জাতিক’ খেতাব। তবে আবারও এই মর্যাদা ফিরিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করছে সরকার। একই সঙ্গে আগামী কয়েক মাসের মধ্যেই বিমানবন্দরটি থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর পরিকল্পনার কথাও জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। বুধবার (১৫ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৪তম দিনের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী-এর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “আগামী কয়েক মাসের মধ্যে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে চালু করা হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।” মন্ত্রী আরও জানান, আন্তর্জাতিক ফ্লাইট চালুর জন্য প্রয়োজনীয় নিয়ম-নীতি ও মানদণ্ড যাচাই করে International Civil Aviation Organization-এর সনদ গ্রহণ করা হয়েছে। বিমানবন্দরের সক্ষমতা বাড়াতে রানওয়ে ৯ হাজার ফুট থেকে বাড়িয়ে ১০ হাজার ৭০০ ফুট করা হয়েছে, যাতে বড় আকারের বিমান ওঠানামা করতে পারে। এছাড়া আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে প্রায় ১৭ হাজার ৯৫৫ বর্গমিটার আয়তনের নতুন টার্মিনাল ভবন নির্মাণ করা হয়েছে। বর্তমানে টেস্টিং ও কমিশনিং কার্যক্রম চলছে। মন্ত্রী জানান, সব কার্যক্রম সম্পন্ন হলে কয়েক মাসের মধ্যেই পূর্ণাঙ্গভাবে আন্তর্জাতিক ফ্লাইট চালু করা সম্ভব হবে। সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে পর্যটন নগরী কক্সবাজারের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের সরাসরি যোগাযোগ স্থাপিত হবে, যা দেশের পর্যটন খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।জেটিভি নিউজ বাংলা
সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

Reporter Name 





















