জেটিভি নিউজ বাংলা
তারিখ: সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ইং,সময়, বিকাল ঃ ০৩:৩৩ মিনিট।স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, দেশে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দেশের হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংস্থাটির সর্বশেষ হিসাব অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। সোমবার (৩১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দফতরের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। আখতার আহমেদ বলেন, এ বছরের ৩১ জুলাই পর্যন্ত যারা ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, তাদের নিয়েই স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। সেই অনুযায়ী দেশের বর্তমান ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জনে। তিনি বলেন, “এ বছরের ৩১ জুলাই পর্যন্ত যে ভোটার নিবন্ধন হয়েছে, তাদের নিয়েই আমরা স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। সেই অনুযায়ী, আমাদের বর্তমান ভোটারের সংখ্যা হচ্ছে ১২ কোটি ৮৭ লক্ষ ৭৭ হাজার ৬৪৩। আমরা আমাদের স্থানীয় সরকার নির্বাচনে এই সংখ্যাটা নিয়েই এগিয়ে যাবো।” ইসি সচিব জানান, বিগত হালনাগাদের তুলনায় দেশের ভোটার সংখ্যা বেড়েছে ৪ লাখ ৫৪ হাজার ৪০৩ জন। ভোটারদের লিঙ্গভিত্তিক পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, বর্তমান তালিকায় পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন। মহিলা ভোটারের সংখ্যা ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ১ হাজার ২৬৭ জন। বর্তমান ভোটার তালিকাটি ভবিষ্যতে পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, তার কাছে থাকা তথ্য অনুযায়ী ৩১ জুলাই পর্যন্ত ভোটার তালিকার কাট-অফ ডেট নির্ধারণ করা হয়েছিল। তিনি বলেন, “এখন আপনি যে প্রশ্নটা করেছেন, এটা তো আসলে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। সিদ্ধান্তে যদি পরিবর্তন হয় তাহলে আমি আবারও একটা সংখ্যা আপনাদের বলবো। আপাতত এ টুকুই আছে আমার কাছে।” নির্বাচন কবে নাগাদ অনুষ্ঠিত হবে, সে বিষয়ে জানতে চাইলে আখতার আহমেদ বলেন, এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের যথাসময়ে জানাবেন। নির্বাচন কমিশনও সেই অনুযায়ী প্রয়োজনীয় কাজ করছে। তিনি আরও বলেন, নির্বাচন সম্পর্কে কবে নাগাদ কী হবে, প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের সঙ্গে সঙ্গে জানাবেন। কাজেই নির্বাচন কমিশনও ওই অনুযায়ী কাজ করছে। এদিকে, স্থানীয় সরকার নির্বাচনে ভোটকেন্দ্রের চূড়ান্ত সংখ্যা জানতে চাইলে ইসি সচিব বলেন, ভোটকেন্দ্রের সংখ্যা নির্ভর করছে কোন স্তরে নির্বাচন অনুষ্ঠিত হবে তার ওপর। এখনো কোন স্তরের নির্বাচন আগে হবে, সেটি নির্দিষ্টভাবে জানানো হয়নি। ফলে এ মুহূর্তে সঠিকভাবে ভোটকেন্দ্রের সংখ্যা বলা সম্ভব নয়। তিনি বলেন, “ভোটকেন্দ্রের সংখ্যাটা নির্ভর করছে কোন স্তরে ভোটটা হবে সেটার ওপরে। এখন তো সেটাই বলেনি, অতএব আপনাকে সঠিকভাবে ভোটকেন্দ্রের সংখ্যাটা আমি বলতে পারছি না।” ভোটার তালিকা আইন, ২০০৯ অনুযায়ী, খসড়া ভোটার তালিকা প্রকাশের পর ফরম-৬-এর মাধ্যমে দাবি, ফরম-৭-এর মাধ্যমে আপত্তি এবং ফরম-৮-এর মাধ্যমে সংশোধনের আবেদন গ্রহণ করা হয়। নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী, গত ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। এরপর ২৪ আগস্ট পর্যন্ত দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন গ্রহণ করা হয়। প্রাপ্ত আবেদনগুলো ২৭ আগস্টের মধ্যে নিষ্পত্তি করা হয়। আবেদনগুলোর ওপর গৃহীত সিদ্ধান্ত ২৮ আগস্টের মধ্যে ভোটার তালিকায় সংযোজন করা হয়। সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আজ, ৩১ আগস্ট, হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করলো নির্বাচন কমিশন। আগামী সেপ্টেম্বর মাসে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করে নভেম্বর থেকে নির্বাচন শুরু করতে চায় নির্বাচন কমিশন। এ ক্ষেত্রে প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন আগে করার পরিকল্পনা নিয়েছে সংস্থাটি। নির্বাচন কমিশনের হালনাগাদকৃত এই চূড়ান্ত ভোটার তালিকাই আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি ও নির্বাচন আয়োজনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে ব্যবহৃত হবে। জেটিভি নিউজ বাংলাদেশ ও দশের কথা বলে....

ডেস্ক রিপোর্ট 











