জেটিভি নিউজ বাংলা
তারিখ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ইং, সময়, রাত ০৮:৩১ মিনিট।গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জামিন চাইলেন ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ
ঢাকা: গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের একটি তদন্তাধীন মামলায় জামিন চেয়ে আবেদন করেছেন ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ। তার জামিন আবেদন এবং মামলার তদন্তের অগ্রগতি নিয়ে শুনানির জন্য আগামী ৬ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর সদস্য বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীরের নেতৃত্বাধীন একক বেঞ্চ এ দিন ধার্য করেন। আদালতে মামলাটির তদন্ত কার্যক্রম এখনো শেষ না হওয়ায় প্রসিকিউশনের পক্ষ থেকে তদন্ত সম্পন্নের জন্য আরও সময় চাওয়া হয়। একই সঙ্গে আসামিপক্ষের পক্ষ থেকে আগে দাখিল করা জামিন আবেদন নিয়েও শুনানি হওয়ার কথা ছিল। তবে ট্রাইব্যুনালে পূর্ণাঙ্গ বেঞ্চ না থাকায় এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়নি। পরে আদালত মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৬ সেপ্টেম্বর নতুন তারিখ নির্ধারণ করেন। এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ, সহিদুল ইসলাম সরদার ও তারেক আবদুল্লাহ। অন্যদিকে, ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদের পক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন ওবায়দুল্লাহ ইমন। এর আগে চলতি বছরের ২৫ মার্চ রাতে মিরপুরের ডিওএইচএস এলাকায় নিজ বাসা থেকে গ্রেফতার হন শেখ মামুন খালেদ। গ্রেফতারের পর থেকে তিনি কারাগারে রয়েছেন। পরবর্তীতে গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের তদন্তাধীন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। একই সঙ্গে মামলার তদন্তের স্বার্থে তাকে দুদিন জিজ্ঞাসাবাদের অনুমতিও দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এদিকে, গত ২৪ আগস্ট শেখ মামুন খালেদের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি জামিন আবেদন দাখিল করা হয়। সেই জামিন আবেদন এবং তদন্ত শেষ করার জন্য প্রসিকিউশনের পক্ষ থেকে চাওয়া অতিরিক্ত সময়ের বিষয়টি আদালতের সামনে আসে মঙ্গলবারের শুনানিতে। তবে পূর্ণাঙ্গ বেঞ্চ না থাকায় এ বিষয়ে চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হয়নি। ফলে আদালত আগামী ৬ সেপ্টেম্বর নতুন করে শুনানির দিন ধার্য করেছেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন থাকায় তদন্তের অগ্রগতি, প্রসিকিউশনের সময়ের আবেদন এবং আসামিপক্ষের জামিন আবেদন—সবকিছু নিয়ে আগামী ৬ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে। জেটিভি নিউজ বাংলাদেশ ও দশের কথা বলে.....

ডেস্ক রিপোর্ট 











