জেটিভি নিউজ বাংলা
তারিখ: ৭ জুন ২০২৬ ইং সময়: রবিবার,সন্ধ্যা ০৭:৪২ মিনিট।সংসদ সচিবালয় নিয়ে অভিযোগ থাকলে সরাসরি স্পিকারকে লিখিতভাবে জানানোর আহ্বান
সংসদ সচিবালয় বা এর কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে তা সংসদে উত্থাপন না করে সরাসরি স্পিকারের কাছে লিখিতভাবে জানানোর পরামর্শ দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। একইসঙ্গে তিনি সংসদ সদস্যদের কার্যপ্রণালী বিধি ভালোভাবে অধ্যয়ন করার আহ্বান জানিয়েছেন। রবিবার (৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনে কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিম হক ভুঁইয়ার উত্থাপিত এক অভিযোগের জবাবে স্পিকার এ মন্তব্য করেন। অধিবেশনে সেলিম হক ভুঁইয়া অভিযোগ করেন, সবার আগে নোটিশ জমা দেওয়ার পরও তার নাম তালিকার এক নম্বরে স্থান পায়নি। এর জবাবে স্পিকার জানান, বিষয়টি তিনি নিজেই খতিয়ে দেখেছেন। তদন্তে দেখা গেছে, সংশ্লিষ্ট নোটিশটি নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার এক মিনিট পরে জমা দেওয়া হয়েছিল। ফলে সেটি ওই দিনের তালিকায় অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি। স্পিকার বলেন, “আপনি যে নোটিশটি আজ জমা দিয়েছেন, সেটি নির্ধারিত সময় পার হওয়ার এক মিনিট পরে জমা পড়েছে। তাই আজকের তালিকায় আসেনি। তবে আগামীকালের তালিকায় প্রথম দিকেই আসার সম্ভাবনা রয়েছে। আপনার অভিযোগটি সঠিক নয়।” তিনি আরও জানান, আজ ৫৬ নম্বরে থাকা নোটিশটি মূলত গত ১১ তারিখে জমা দেওয়া হয়েছিল। কার্যপ্রণালী বিধি অনুযায়ী, কোনও নোটিশ নির্ধারিত সময়ের অন্তত দুই ঘণ্টা আগে জমা দিতে হয়। পরে স্পিকার কার্যপ্রণালী বিধির ৫৪ ধারার (৩) উপধারা পড়ে শোনান। তিনি বলেন, সংসদ সচিবালয় বা এর কর্মচারীদের আচরণ নিয়ে কোনও প্রশ্ন বা অভিযোগ থাকলে তা ব্যক্তিগত চিঠির মাধ্যমে স্পিকারকে জানাতে হবে। বিধির বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে স্পিকার বলেন, “সংসদ সচিবালয় সম্পর্কে যদি কোনও অভিযোগ থাকে, তাহলে তা হাউজে তুলবেন না। সরাসরি আমাকে লিখিতভাবে জানাবেন। প্রথম যে অভিযোগটি করা হয়েছে, সেটি সম্পূর্ণ ভুল এবং এর জন্য সংসদ সচিবালয় মোটেও দায়ী নয়।” তিনি আরও বলেন, “এ কারণেই আমি বারবার বলি, কার্যপ্রণালী বিধির বইটি দয়া করে সবাই ভালোভাবে পড়ুন।” স্পিকারের এ বক্তব্যের মাধ্যমে সংসদীয় কার্যক্রম পরিচালনায় নির্ধারিত বিধি-বিধান অনুসরণের গুরুত্ব আবারও সামনে উঠে এসেছে।জেটিভি নিউজ বাংলা
দেশ ও দশের কথা বলে......

ডেস্ক রিপোর্ট 





















